২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন: জাহিদ হোসেন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ

কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমান ফিরে এসে শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়াই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হোসেন এ কথা বলেন। এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জাহিদ হোসেন বলেন, নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ১৮ মাস আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। নির্বাচনী প্রক্রিয়া যেহেতু একটি ধারাবাহিক কার্যক্রম, সেটি অব্যাহত আছে এবং চলছে।

মনোনয়নপ্রক্রিয়া সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, এখন পর্যন্ত মনোনয়নের বিষয়ে কাউকে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। নির্বাচনী আসনের তুলনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। স্থানীয় জনগণের কাছে জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যাঁরা সম্পৃক্ত ছিলেন, সব মানুষের নেতা তারেক রহমান। বিএনপি এ দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের অধিকার আদায়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

এ সময় জাহিদ হোসেন অভিযোগ করেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল