১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩, উদ্ধার ১৪ গুলির খোসা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ

রাজধানীর গেন্ডারিয়ায় দুই পক্ষের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় এই ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।

গুলিবিদ্ধ তিনজন হলেন পথচারী আশা আক্তার (২০), চা দোকানি আলমগীর (৩৩) ও অন্য এক পথচারী সিয়াম (১৮)।

আহত ব্যক্তি এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্বজনেরা জানান, করাতীটোলা এলাকায় দুই দল মাদক কারবারির মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় ও আশার ডান পায়ে গুলি লেগেছে।

গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান খান জানান, আহত ব্যক্তিদের দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সদস্যেরা ঘটনাস্থল থেকে ১৪টি গুলির খোসা উদ্ধার করেছেন। তবে এই গোলাগুলির বিষয়ে স্থানীয়রা সঠিক কোনো তথ্য দিতে পারেনি।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল