১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

সবাই সতর্ক থাকুন, ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মে ১, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ

দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় নিলেও এখনো ষড়যন্ত্র চলছে।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিদায় নিলেও ষড়যন্ত্র এখনো থামেনি। যারা চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার এবং শক্ত জবাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশ নিয়ে বিশ্ব দরবারে ষড়যন্ত্র করছে। কিন্তু এতে লাভ হবে না, বিশ্ব দরবার জানে এই সরকার জনগণের নির্বাচিত।

চোখ-কান খোলা রাখতে হবে, স্বৈরাচারকে যেভাবে জবাব দেওয়া হয়েছে, একইভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে, সতর্ক থাকতে হবে।
বিগত স্বৈরাচারী সরকারের আমলের নির্যাতন-নিপীড়নের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েক বছর আগেও এই রাজপথে বা দালানের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে স্বৈরাচারের বাহিনী হামলা চালাত।

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচারকে চিরতরে বিদায় করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতিকে লুটপাটের মাধ্যমে ধ্বংস করেছে। শিল্প কলকারখানা বন্ধ করে দিয়ে শ্রমিক, ছাত্র, শিক্ষক ও নারীসহ দেশের প্রতিটি খেটে খাওয়া মানুষকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল