শীতকালে শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। ঠাণ্ডা আবহাওয়ায় রক্ত সঞ্চালন ধীরগতির হয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যেতে পারে। তবে সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে শীতের মৌসুমেও শরীরকে উষ্ণ, সুস্থ ও কর্মক্ষম রাখা সম্ভব।
শীতকালীন খাদ্য তালিকায় বাদাম, আখরোট, তিল ও তিসির বীজের মতো শুকনো ফল ও বীজ অন্তর্ভুক্ত করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এসব খাবারে থাকা স্বাস্থ্যকর চর্বি ও ওমেগা-৩ ফ্যাটি এসিড পেশির শক্তি বজায় রাখতে সাহায্য করে এবং ক্লান্তি কমায়।
এছাড়া শীতকালে ওটস, রাগি, জোয়ার ও বাজরার মতো গোটা শস্য গ্রহণ করলে শরীর দীর্ঘ সময় শক্তি পায়। জটিল কার্বোহাইড্রেট ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে হঠাৎ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা কম থাকে।
গাজর, বিট, মিষ্টি আলু ও শালগমের মতো কন্দজাত সবজি শীতকালে বিশেষভাবে উপকারী। এগুলো হজম প্রক্রিয়া উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখে।
শীতের দিনে ঘি ও নারকেল তেলের মতো স্বাস্থ্যকর চর্বি নিয়মিত খেলে শরীরের শক্তি বাড়ে এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ঝুঁকি কমে। পাশাপাশি আদা, রসুন, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ও হলুদের মতো মসলা রক্ত সঞ্চালন সক্রিয় করে শরীরে তাপ উৎপন্ন করে এবং সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে ভারসাম্যপূর্ণ খাবার, পর্যাপ্ত পানি পান, গরম খাবার এবং মৌসুমি সবজি গ্রহণ করা অত্যন্ত জরুরি। সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে শীতকাল শুধু ঠাণ্ডার নয়, বরং সুস্থ ও চনমনে কাটানো সম্ভব।
/এসএফ

















