১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

চুল পড়া বন্ধে যেসব খাবার খাবেন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫ ১২:৫২ পূর্বাহ্ণ

ঢাকা: চুল পড়া এখন সাধারণ এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে অতিরিক্ত চুল পড়া রোধে শুধু বাহ্যিক যত্ন নয়, প্রয়োজন সঠিক খাবারও।

এমন কিছু খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে চুল পড়া অনেকাংশে কমে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, বায়োটিন ও অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

জেনে নেওয়া যাক চুল পড়া রোধে কার্যকরী কিছু খাবার:

পালং শাক
আয়রন, ভিটামিন ‘এ’ ও ‘সি’, বায়োটিনসহ নানা পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাক চুলের জন্য অত্যন্ত উপকারী। এই উপাদানগুলো চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া প্রতিরোধে কাজ করে। তাই চুলের যত্নে খাদ্যতালিকায় রাখুন পালং শাক।

ডিম
ডিমকে বলা হয় চুলের জন্য পুষ্টির খনি। এতে রয়েছে উচ্চমাত্রায় বায়োটিন ও প্রোটিন, যা চুলের গোড়া শক্ত করতে সহায়তা করে। ডিমের কুসুমে থাকা বায়োটিন চুল পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রোটিন চুলের বৃদ্ধিতে সহায়ক।

বাদাম
অ্যান্টিঅক্সিডেন্ট, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিনে ভরপুর বাদাম শুধু শরীর নয়, চুলের স্বাস্থ্য রক্ষায়ও দারুণ কার্যকরী। নিয়মিত বাদাম খেলে চুলের উজ্জ্বলতা বাড়ে, সেইসঙ্গে চুল পড়া কমে আসে।

মিষ্টি আলু
পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়। এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলকে করে তোলে স্বাস্থ্যোজ্জ্বল। নিয়মিত মিষ্টি আলু খেলে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সহায়তা করে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল