৩রা জুন, ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ২, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

ফরিদপুর: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।

মঙ্গলবার (০২ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮), ছেলে মো. আরিফ ইসলাম (২৫), আরেক ছেলে রাকিবুল ইসলাম (১৮) এবং প্রাইভেটকারের চালক জাহিদ হোসেন (৩২)।

জাহিদ যশোরের মনিরামপুর উপজেলার গৌরিপুর গ্রামে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শহিদুল ইসলামের প্রবাসী ছেলে আরিফ ইসলাম মালয়েশিয়া থেকে দেশে ফেরেন সোমবার।

তাকে নিয়ে প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন শহিদুল ইসলাম ও তার পরিবার। পথে মালিগ্রাম ফ্লাইওভারের কাছে পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আঘাত করে।

এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দ্রুতগতি, ঘন কুয়াশা বা কম দৃশ্যমানতার কারণে চালক দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে ধাক্কা দিয়েছেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল