শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার তাতীহাটি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ঢালীবাড়ী মোড় নামক এলাকা থেকে ট্রাংকটির তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি পিকআপ গাড়ি থেকে রাস্তার পাশে বাসা-বাড়িতে ব্যবহৃত একটি তালাবদ্ধ ট্রাংক ফেলে রেখে যায়। এভাবে ট্রাংকটি ফেলে রেখে যাওয়ায় এলাকার লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা ট্রংকটির কাছে গেলে কিছুটা দুর্গন্ধ অনুভব করায় শ্রীবরদী থানা পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাংকটির তালা ভেঙে বস্তায় কম্বলে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত এক নারীর লাশটি দেখতে পান।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
/কেকে


















