১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

নাটোরে পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার ডিজেল

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৮, ২০২৬ ৪:৫৭ পূর্বাহ্ণ

নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে বাঁশের ঝাড়ে মাটির নীচে পানির ট্যাংক থেকে ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নিংগইন এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে রুবেল হোসন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাঁড়ের মধ্যে, মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার ডিজেল মজুত করে সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী রুবেল হোসেন। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মেলে।

তিনি আরও জানান, বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে এই তেল দোকানে স্থানান্তর করে স্বাভাবিক প্রক্রিয়ায় বিক্রির নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলামসহ অন্যান্যরা।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল