১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলে নিহত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

শেরপুর: শেরপুর-জামালপুর সেতুতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-জামালপুর সেতুর দক্ষিণ পাশে সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এসময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করে পুলিশ। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা পাঁচ বছরের শিশু আবরার আহত হলেও প্রাণে বেঁচে গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুদ্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং মরদেহ দুটি সড়কে রেখে অবরোধ করেন। ফলে ওই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল