শেরপুর: শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে আসার পথে মিনি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনণ্যা দত্ত।
নিহত একজন হচ্ছেন রোকনুজ্জান রুকন (৩১)। তিনি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। আরেকজন হচ্ছেন জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা মাহফুজা বেগম (২০) মারা গেছেন।
জানা গেছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন।
নিহত রুকনের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক একটি কাজে রুকন শেরপুর থেকে বাড়িতে যান। নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন । শেরপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, আমরা মৃত্যুর বিষয়টি জেনেছি। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের হাতে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছেন।
/টিটি


















