ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ইউসুফ হাকিম সোহেল ছাড়াও মনোনয়নপত্র বাতিল হওয়া আরেকজন হলেন গণ অধিকার পরিষদের মনিরুজ্জামান। আসনটিতে বিএনপির মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ অন্যান্য রাজনৈতিক ও স্বতন্ত্র সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামায় প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। হলফনামায় নাগরিক তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, প্রার্থীর হলফনামা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
/এসএফ

















