১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

খালেদা জিয়ার কফিন কাঁধে নিয়েছিলেন মিজানুর রহমান আজহারী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই চিরশায়িত করা হয়েছে ‘আপসহীন’ এই নেত্রীকে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় রাষ্ট্রীয় মর্যাদায় ‘গণতন্ত্রের মা’ খ্যাত খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। এ সময় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারী।

জানাজা শেষে বেগম খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে। এর অল্প সময় আগে তিনি বেগম জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থরাইটিস ও ইনফেকশনজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া।

টানা ৩৭ দিন তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। তার মৃত্যুর সময় পাশে ছিলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল