এবার পুলিশও স্বীকার করলো ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিং’য়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। আসামিদের পালাতে সহায়তাকারী ২ জনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব-পরিকল্পিত। তাই, ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ বলছে, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। আগামী ৭ দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে। পুলিশের ধারনা, ৫ আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাদি। তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত। তাই তাদের টার্গেটে পরিণত হয় ওসমান হাদি। রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে- ব্রিফিংয়ে জানান নজরুল ইসলাম। বলেন, হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তারা গেছে অবৈধ উপায়ে।
তবে বৈধ পথেই আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
/কেকে
















