১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে এনসিপির প্রার্থী হলেন জুলাই আন্দোলনে মুখ বিকৃত হওয়া খোকন ও লিখন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ

শেরপুর: জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়বেন। তিনি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১২৫ আসনে প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় শেরপুর-২ আসনে এই জুলাই যোদ্ধার নামসহ শেরপুরের আরেকটি আসনে অর্থাৎ শেরপুর-১ ( শেরপুর সদর) আসনে থেকে মনোনয়ন পেয়েছেন জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। অন্যদিকে এবারের ঘোষিত তালিকায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

খোকন চন্দ্র বর্মণের শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনে বিএনপির হয়ে লড়বেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। একই আসনে জামায়াতে ইসলামীর হয়ে লড়বেন মু.গোলাম কিবরিয়া ভিপি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন খোকন চন্দ্র বর্মণ। এই ঘটনার পর তার ঠোঁট, মাড়ি, নাক এবং তালু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, তার বাম চোখও নষ্ট হয়ে যায়। পরে তার চিকিৎসার জন্য রাশিয়াতেও পাঠায় সরকার। সুস্থ হলেও বদলে যায় তার মুখাবয়ব।
খোকন চন্দ্র বর্মণ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবেও সাক্ষ্য দিয়েছেন।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল