শেরপুর: শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এসময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবি ডিলারকে আটক করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। নজরুল ইসলাম শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে সেগুলো জান্নাত এন্টারপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে শেরপুর সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। পরে সেখান থেকে ২৪৮টি বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এসময় আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
/এফএস
















