শেরপুর: শেরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশির নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। এতে করে নিমজ্জিত হয়ে পড়েছে শত শত একর আমন আবাদ।

এছাড়া ঝিনাইগাতী শেরপুরের যোগাযোগকারী একমাত্র আঞ্চলিক সড়কটি দিয়েও পানির স্রোত প্রবাহিত হচ্ছে। এছাড়া সোমেশ্বরী নদীর দুপাড়ে কয়েকশত বাড়ি ঘরে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ি ঢলের পানির তোড় লক্ষ্য করা যায়।

জানা গেছে, গত দুদিনের টানা বর্ষণে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা ঢলের পানি শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বিস্তীর্ন এলাকা প্লাবিত হওয়ার ফলে চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত পুকুরের মাছ ভেসে গেছে।
স্থানীয়দের অভিযোগ মাত্র এক মাস আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার করলেও নিম্নমানের কাজ হওয়ার ফলে বাঁধের প্রায় ১৫০ মিটার অংশ প্রবল পানির তোড়ে বিলীন ফসলী জমিতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রাসেল বলেন, ইতোমধ্যে মহারশি নদী রক্ষা বাঁধের কাজ চলমান। আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং আমাদের বন্যা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছি। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার ও গোখাদ্য মজুদ রয়েছে। পাহাড়ি ঢলের পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।
/ওএফএস


















